অধ্যায় ১৬

1 বিশ্রামবার শেষ হওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী ভালো গন্ধযুক্ত জিনিস কিনলেন, যেন গিয়ে যীশুর দেহে মাখিয়ে দিতে পারেন। 2 সপ্তাহের প্রথম দিন তাঁরা খুব ভোরে, সূর্য্য ওঠার পর, কবরের কাছে গেলেন। 3 তাঁরা নিজেদের মধ্য বলাবলি করছিলেন, কবরের দরজা থেকে কে আমাদের পাথরখানা সরিয়ে দেবে? 4 এমন সময় তাঁরা কবরের কাছে এসে দেখলেন অত বড় পাথরখানা কেউ সরিয়ে দিয়েছে। 5 তারপরে তাঁরা কবরের ভেতরে গিয়ে দেখলেন, ডান পাশে সাদা কাপড় পরে একজন যুবক বসে আছেন; তাতে তাঁরা খুব অবাক হলেন। 6 তিনি তাদেরকে বললেন, “অবাক হওয়ার কিছু নেই, তোমরা যে ক্রুশে হত নাসরতীয় যীশুর খোঁজ করছ। তিনি এখানে নেই; তিনি উঠেছেন! দেখ এই জায়গায় তাঁকে রাখা হয়েছিল। 7 কিন্তু তোমরা যাও তাঁর শিষ্যদের আর পিতরকে বল, “তিনি তোমাদের আগে গালীলে যাচ্ছেন; যে রকম তিনি তোমাদেরকে বলেছিলেন, সেই জায়গায় তোমরা তাঁকে দেখতে পাবে।” 8 তারা কবর থেকে বেরিয়ে পালিয়ে গেলেন কারণ তারা অবাক হয়েছিলেন ও কাঁপছিলেন। তারা আর কাউকে কিছু বললেন না কারণ তারা ভয় পেয়েছিলেন। 9 সপ্তাহের প্রথম দিনে যীশু পূনরুত্থানের পর প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যার কাছ থেকে তিনি সাতটি ভূত ছাড়িয়ে ছিলেন। 10 মগ্দলীনী মরিয়ম গিয়ে যারা যীশুর সঙ্গে থাকতেন, তাদেরকে খবর দিলেন, তখনও তারা শোক করছিলেন ও কাঁদছিলেন। 11 যখন তারা শুনলেন যে, যীশু জীবিত হয়েছেন ও তাকে দেখা দিয়েছেন, কিন্তু তারা সেই কথা বিশ্বাস করলেন না। 12 তারপরে তাঁদের দুই জন যখন গ্রামে যাচ্ছিলেন, তখন তিনি আর এক চেহারায় তাঁদের দেখা দিলেন। 13 তারা দুজন গিয়ে অন্যান্য সবাইকে এই কথা জানালেন, কিন্তু তাদের কথাতেও তারা বিশ্বাস করলেন না। 14 তারপরে সেই এগারো জন শিষ্য খেতে বসলে যীশু তাদের আবার দেখা দিলেন এবং তাঁদের বিশ্বাসের অভাব ও মনের কঠিনতার জন্য তিনি তাদের বকলেন; কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হওয়ার পর যাঁরা তাঁকে দেখেছিলেন তাঁদের কথায় তাঁরা অবিশ্বাস করেছিল। 15 যীশু সেই শিষ্যদের বললেন, “তোমরা পৃথিবীর সব জায়গায় যাও, সব সৃষ্টির কাছে গিয়ে সুসমাচার প্রচার কর। 16 যে বিশ্বাস করে ও বাপ্তিষ্ম গ্রহণ করে, সে পাপ থেকে উদ্ধার পাবে; কিন্তু যারা বিশ্বাস করবে না, তারা শাস্তি পাবে। 17 আর যারা বিশ্বাস করে, তাদের ভেতরে এই চিহ্নগুলো দেখা যাবে; তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। 18 তারা হাতে করে সাপ তুলবে এবং তারা যদি বিষাক্ত কিছু পান করে তাতেও তারা মারা যাবে না; তারা অসুস্থদের মাথার উপরে হাত রাখলে তারা সুস্থ হবে। 19 যীশু শিষ্যদের সঙ্গে কথা বলার পর তিনি স্বর্গে চলে গেলেন এবং তিনি ঈশ্বরের ডান পাশে বসলেন। 20 আর শিষ্যেরা গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে থেকে আশ্চর্য্য চিহ্ন দ্বারা সেই বাক্য প্রমাণ করলেন।