1 আর সকাল হলে প্রধান যাজকেরা ও প্রাচীনরা, ব্যবস্থা শিক্ষকরা এবং সব যিহুদী মহাসভা পরামর্শ করে যীশুকে বেঁধে পীলাতের কাছে ধরিয়ে সমর্পন করলেন। 2 তখন পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি যিহুদীদের রাজা?” যীশু তাঁকে বললেন, "তুমিই বললে।" 3 পরে প্রধান যাজকেরা তাঁর উপরে নানারকম অভিযোগ করতে লাগলো। 4 পীলাত তাঁকে আবার জিজ্ঞাসা করলেন, “তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখ, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ নিয়ে আসছে।” 5 যীশু আর কোনো উত্তর দিলেন না; তাতে পিলাত অবাক হয়ে গেলেন। 6 নিস্তার পর্ব্বের সময়ে পিলাত লোকদের জন্য এমন এক জন বন্দিকে মুক্ত করতেন, যাকে লোকেরা চাইত। 7 বিদ্রোহ, খুন, জখম করার অপরাধে যে সব বন্দী জেলে ছিল তাদের মধ্য বারাব্বা নামে একজন খারাপ লোক ছিল। 8 তখন লোকেরা উপরে গিয়ে, পিলাত তাদের জন্য আগে যা করতেন, তারা তা চাইতে লাগলো। 9 পীলাত তাদের বললেন, “আমি তোমাদের জন্য যিহুদীদের রাজাকে ছেড়ে দেব, এই কি তোমাদের ইচ্ছা?” 10 কারণ প্রধান যাজকেরা যে হিংসা করে যীশুকে ধরিয়ে দিয়েছিলন সেই কথা পিলাত জানতে পারলেন। 11 প্রধান যাজকেরা জনসাধারনকে খেপিয়ে, চিৎকার করে নিজেদের জন্য বারাব্বাকে ছেড়ে দিতে বলল। 12 পিলাত উত্তর করে আবার তাদেরকে বললেন, “তবে তোমরা যাকে যিহুদীদের রাজা বল, তাকে আমি কি করব?” 13 তারা আবার চিৎকার করে বলল, “ওকে ক্রুশে দাও!” 14 পিলাত তাদেরকে বললেন, “কেন? একি অপরাধ করেছে?” কিন্তু তারা খুব জোরে চেঁচিয়ে বলল, “ওকে ক্রুশে দাও।” 15 তখন পিলাত লোকদেরকে খুশি করবার জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন এবং যীশুকে চাবুক মেরে ক্রুশে দেবার জন্য জনসাধারণের হাতে তুলে দিলেন। 16 পরে সেনারা উঠোনের মাঝখানে, অর্থাৎ রাজবাড়ির ভেতরে, তাঁকে নিয়ে গিয়ে সব সেনাদলকে ডেকে একসঙ্গে করলো। 17 পরে তাঁকে বেগুনী রঙের পোশাক পরাল এবং কাঁটার মুকুট গেঁথে তাঁর মাথায় পরিয়ে দিল, 18 তারা যীশুকে তাচ্ছিল্য করে বলতে লাগল, “যিহুদী রাজ, নমস্কার!” 19 একটা বেতের লাঠি দিয়ে তার মাথায় মারতে লাগল, তাঁর গায়ে থুথু দিল, ও হাঁটু গেড়ে তাঁকে প্রণাম করল। 20 তাঁকে তাচ্ছিল্য করবার পর তারা ঐ বেগুনী পোশাকটি খুলে নিল এবং তাঁর নিজের পোশাক পরিয়ে দিল। পরে তারা ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল। 21 আর শিমোন নামে একজন কুরীনীয় লোক গ্রাম থেকে সেই পথ দিয়ে আসছিল, (সে আলেক্সান্দর ও রূফের বাবা), তাকেই তারা যীশুর ক্রুশ বহন করার জন্য বাধ্য করল। 22 পরে সৈন্যরা তাঁকে গলগথা নামে এক জায়গায় নিয়ে গেল; এই নামের মানে (“মাথার খুলির স্থান”)। 23 তারা তাঁকে গন্ধরস মেশানো আঙুর রস দিতে চাইল; কিন্তু তিনি তা পান করলেন না। 24 পরে তারা তাঁকে ক্রুশে দিল এবং তাঁর জামাকাপড় সব ভাগ করে নিল; কে কোন অংশ নেবে, এটা ঠিক করবার জন্য লটারী করলো। 25 সকাল নয়টার সময় তারা তাঁকে ক্রুশে দিল। 26 ক্রুশের উপর তাঁর দোষের কথা লেখা একটা ফলক ঝুলিয়ে দিলো আর তাতে লিখে দিলো, “যিহুদীদের রাজা”। 27 আর তারা তাঁর সঙ্গে দুইজন দস্যুকেও ক্রুশে দিলেন, এক জন যীশুর ডান পাশে আর একজন বাঁপাশে। 28 আর যে সব লোক সেই পথ দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নাড়তে নাড়তে তাঁর নিন্দা করে বলল, 29 "এইযে! তুমি না মন্দির ভেঙে ফেল, আর তিন দিনের মধ্যে তা গাঁথ! 30 তবে নিজেকে বাঁচাও, যদি ঈশ্বরের পুত্র হও, ক্রুশ থেকে নেমে এস!" 31 আর একইভাবে প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ঠাট্টা করে বলল, “ঐ ব্যক্তি অন্য লোকদের রক্ষা করত, এখন আর নিজেকে রক্ষা করতে পারে না। 32 খ্রীষ্ট, ইস্রায়েলের রাজা, এখন তুমি ক্রুশ থেকে নেমে এস, যেন তা দেখে আমরা তোমায় বিশ্বাস করতে পারি। আর যারা যীশুর সঙ্গে ক্রুশে ঝুলছে, তারাও তাঁকে অপমান করল। 33 পরে দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল। 34 আর বিকাল তিনটের সময় যীশু উঁচুস্বরে চীৎকার করে বললেন, "এলী এলী লামা শবক্তানী, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ?" 35 যারা কাছে দাঁড়িয়েছিল, তাদের ভেতরে কেউ কেউ সেই কথা শুনে বলল, দেখ, ও এলিয়কে ডাকছে। 36 তখন একজন দৌড়ে একখানি স্পঞ্জ সিরকায় ডুবিয়ে নিয়ে এলো এবং একটা লাঠিতে লাগিয়ে তাঁকে পান করতে দিল, বলল “দেখি, এলিয় ওকে রক্ষা করতে আসেন কি না।” 37 এর পরে যীশু খুব জোরে চিৎকার করে শেষ নিঃশ্বাস প্রাণ ত্যাগ করলেন। 38 সেই সময় মন্দিরের পর্দা উপর থেকে নীচে পর্যন্ত ছিঁড়ে দুইভাগ হল। 39 আর যে শতপতি তাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন, তিনি এইভাবে যীশুকে প্রাণ ত্যাগ করতে দেখে বললেন যে, “সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।” 40 কয়েক জন মহিলাও দূর থেকে এই সব দেখছিলেন; তাঁদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, যাকোব ও যোষির মা মরিয়ম এবং শালোমী ছিলেন; 41 যীশু যখন গালীলে ছিলেন, তখন তারা যীশুকে অনুসরণ ও তাঁর সেবা করতেন। আরও অনেক মহিলা সেখানে ছিলেন, যারা তাঁর সঙ্গে যিরূশালেমে এসেছিলেন। 42 সেই দিন আয়োজনের দিন অর্থাৎ বিশ্রামবারের আগের দিন সন্ধ্যাবেলা, 43 অরিমাথিয়ার যোষেফ নামে একজন নামী সম্মানীয় লোক এলেন, তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করতেন; তিনি সাহস করে পীলাতের কাছে গিয়ে যীশুর মৃতদেহ চাইলেন। 44 যীশু যে এত তাড়াতাড়ি মারা গেছেন, এতে পীলাত অবাক হয়ে গেলেন এবং সেই শতপতিকে ডেকে, তিনি এর ভেতরেই মরেছেন কি না, জিজ্ঞাসা করলেন। 45 পরে শতপতির কাছ থেকে জেনে যোষেফকে যীশুর মৃতদেহ দেওয়া হলো। 46 যোষেফ একখানি লিনেন চাদর কিনে তাঁকে ক্রুশ থেকে নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং পাথর দিয়ে তৈরী এক কবরে তাঁকে রাখলেন; পরে কবরের দরজায় একখানা পাথর দিয়ে আটকে দিলেন। 47 যীশুকে যে জায়গায় কবর দেওয়া হল, তা মগ্দলীনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখেছিলেন।