1 প্রভুরা, তোমরা দাসদেরকে যা সঠিক ও ন্যায্য তা দাও, জেন যে স্বর্গে তোমাদেরও একজন প্রভু আছেন। 2 তোমরা অবিচলভাবে সবসময় প্রার্থনা কর এবং ধন্যবাদ সহকারে প্রার্থনার দ্বারা সতর্ক থাক। 3 আমাদের জন্যও একসঙ্গে প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্য কথা বলার দরজা খুলে দেন, যাতে খ্রীষ্টের রহস্যময় বিষয় জানাতে পারি। কারণ এই কথার জন্যেই আমি বাঁধা আছি। 4 প্রার্থনা কর যাতে আমি এটা পরিষ্কার ভাবে করতে পারি এবং যা আমার বলা উচিত তা বলতে পারি। 5 বাইরের লোকদের সঙ্গে প্রজ্ঞাপূর্ণ ভাবে চল এবং প্রজ্ঞার সাথে সময়ের ব্যবহার কর। 6 তোমরা সবসময় অনুগ্রহের সাথে কথা বল। যেন তা স্বাদযুক্ত লবণের মত হয়, যেন প্রত্যেক জনকে কিভাবে উত্তর দিতে হবে তা জানতে পার। 7 আমার বিষয়ে সব কিছু তুখিক তোমাদের জানাবেন। তিনি একজন প্রিয় ভাই, একজন বিশ্বস্ত সেবাকারি এবং প্রভুর একজন সহদাস। 8 আমি বিশেষভাবে তাকে তোমাদের কাছে পাঠালাম, যেন তোমরা আমাদের বিষয়ে জানতে পার এবং যাতে তিনি তোমাদের অন্তরকে উৎসাহিত করতে পারেন। 9 আমি তাকে বিশ্বস্ত ও প্রিয় ভাই ওনীষিমের সঙ্গে পাঠালাম, সে তোমাদেরই একজন। এখানে যা হয়েছে তারা তোমাদের সব খবর জানাবেন। 10 আমার সঙ্গে বন্দী ভাই আরিষ্টার্খ এবং বার্ণবার আত্মীয় মার্ক, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে (যাঁর বিষয়ে তোমরা আদেশ পেয়েছ; "যদি তিনি তোমাদের কাছে আসেন, তাঁকে গ্রহণ কর"), 11 এবং যীশু যাকে যুষ্ঠ নামে ডাকা হত। ছিন্নত্বকদের মধ্যে কেবল তাঁরাই ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মী। তাঁরা আমাকে সান্ত্বনা দিয়েছেন। 12 ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদেরই একজন এবং একজন খ্রীষ্ট যীশুর দাস। তিনি সবসময় প্রার্থনায় তোমাদের জন্য সংগ্রাম করছেন, যাতে তোমরা ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ নিশ্চিত হয়ে দাঁড়িয়ে থাক। 13 কারণ আমি তাঁর জন্য সাক্ষ্য দিতে পারি, যে তিনি তোমাদের জন্য, যাঁরা লায়দিকেয়াতে ও যাঁরা হিয়রাপলিতে আছেন, তাঁদের জন্যও কঠোর পরিশ্রম করেন। 14 প্রিয় চিকিৎসক লুক এবং দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। 15 লায়দিকেয়ার ভাইদের শুভেচ্ছা জানাও এবং নিম্ফাকে এবং তাঁর বাড়ির মণ্ডলীকে শুভেচ্ছা জানাও। 16 যখন এই চিঠি তোমাদের মধ্যে পড়া হয়ে যাবে, তখন লায়দিকেয়া মণ্ডলীতেও যেন এটা পড়া হয় এবং দেখো লায়দিকেয়া থেকে যে চিঠি আসবে তা যেন তোমরাও পড়ো। 17 আর্খিপ্পকে বলো, "প্রভুতে যে সেবা কাজ তুমি গ্রহণ করেছ তার দিকে মনোযোগ দাও, যেন তুমি এটা সম্পন্ন কর।" 18 আমি পৌল, নিজের হাতে এই শুভেচ্ছা লিখলাম। আমার বন্দীদশা মনে করো। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।