অধ্যায় ১

1 আমি পৌল, ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত এবং আমাদের ভাই তীমথীয়, 2 কলসীয়তে ঈশ্বরের পবিত্র লোকদের ও খ্রীষ্টে বিশ্বাসী ভাইদের কাছে। আমাদের পিতা ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর আসুক। 3 আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি। 4 খ্রীষ্ট যীশুর ওপর তোমাদের বিশ্বাস এবং সব পবিত্র লোকদের জন্য তোমাদের ভালবাসার কথা আমরা শুনেছি, 5 কারণ স্বর্গে তোমাদের জন্য অনেক আশার বিষয় রয়েছে। এই আশার বিষয়ে তোমরা সুসমাচারের সত্যের কথা আগে শুনেছ, 6 যে সুসমাচার তোমাদের কাছে এসেছে। একই ভাবে এই সুসমাচার সারা পৃথিবীতে ফলপ্রসু এবং প্রচারিত হচ্ছে, যেই দিন থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাকে সত্য বলে জেনেছিলে। 7 এই সেই সুসমাচার যা তোমরা ইপাফ্রার কাছ থেকে শিক্ষা পেয়েছিলে, আমাদের প্রিয় সহদাস, তোমাদের জন্য তিনি খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক হয়েছিলেন। 8 পবিত্র আত্মার প্রতি তোমাদের ভালবাসার কথা ইপাফ্রা আমাদের জানিয়েছেন। 9 এই ভালবাসার কারণে, যে দিন আমরা শুনেছি, সেই দিন থেকে আমরা তোমাদের জন্য প্রার্থনা করা থামাই নি। আমরা প্রার্থনা করি যেন তোমরা আত্মিক জ্ঞান ও বুদ্ধিতে তাঁর ইচ্ছা সম্পূর্ণভাবে বুঝতে পার। 10 যাতে তোমরা এমনভাবে চলতে পারো যা প্রভুর যোগ্য এবং যা তাকে সব দিক থেকে সন্তুষ্ট করবে: সমস্থ ভালো কাজে ফলবান হয়ে এবং ঈশ্বরের জ্ঞানে বেড়ে ওঠে, 11 তাঁর মহিমা ও শক্তির অনুগ্রহে সব বিষয়ে তোমরা শক্তিশালী হও যেন তোমরা ধৈর্য্য ও সহিষ্ণুতাকে গ্রহণ করতে পার। 12 এবং আনন্দের সাথে পিতাকে ধন্যবাদ জানাই, যিনি তোমাদের সক্ষম করেছেন ঈশ্বরের পবিত্র লোকেদের আলোর উত্তরাধিকারের অংশীদার হওয়ার জন্য। 13 তিনি আমাদের অন্ধকারের আধিপত্য থেকে উদ্ধার করেছেন এবং নিজের প্রিয় পুত্রের রাজ্যে আমাদের এনেছেন। 14 যার মাধ্যমে আমরা মুক্তি, পাপের ক্ষমা পেয়েছি। 15 তিনিই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্ত্তি, সমস্ত সৃষ্টির প্রথমজাত। 16 কারণ তাঁর মধ্যেই সব কিছু সৃষ্টি করা হয়েছে, স্বর্গে এবং পৃথিবীতে, দৃশ্য এবং অদৃশ্য যা কিছু আছে। সিংহাসন অথবা পরাক্রম অথবা রাষ্ট্র অথবা কর্তৃত্ব সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন এবং তাঁর জন্য। 17 তিনিই সব কিছুর আগে আছেন এবং তাঁর মধ্যে সব কিছুকে একসঙ্গে ধরে রেখেছেন। 18 তিনিই তাঁর দেহের অর্থাৎ মণ্ডলীর মাথা। তিনিই শুরু, তিনিই প্রথম মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, সুতরাং তিনিই সব কিছুর মধ্যে প্রথম। 19 কারণ ঈশ্বর ঠিক করেছিলেন যে তাঁর সব পূর্ণতাই যেন খ্রীষ্টের মধ্যে থাকে; 20 এবং তিনি নিজে তাঁর পুত্রের মাধ্যমে সমস্থ কিছুর মিলনসাধন করেছেন, তাঁর ক্রুশের রক্ত দিয়ে শান্তি এনেছেন, পৃথিবীর অথবা স্বর্গের সব কিছুকে একসঙ্গে করেন। 21 এবং একসময়ে তোমরাও ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলে এবং তোমাদের বাজে কাজের মাধ্যমে তোমাদের মনে শত্রুতা প্রকাশ পেয়েছে। 22 কিন্তু এখন তাঁর শারীরিক মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বর নিজের সঙ্গে তোমাদের মিলিত করেছেন যেন তোমাদের পবিত্র, নিখুঁত ও নির্দোষ করে তাঁর সাম্মনে উপস্থিত করেন, 23 যদি তোমরা দৃঢ় বিশ্বাসে স্থির থাক, খ্রীষ্টের বিষয়ে সুখবর থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ সেখান থেকে সরে না যাও, যা আকাশের নিচে সমস্ত সৃষ্টির মধ্যে প্রচার করা হয়েছে। আমি, পৌল, এই সুসমাচারের প্রচারের দাস হয়েছি। 24 এখন তোমাদের জন্য আমার যে সব কষ্টভোগ হচ্ছে তার জন্য আনন্দ করছি এবং খ্রীষ্টের দেহের জন্য, খ্রীষ্টের যে কষ্টভোগ এখনো বাকি আছে তা আমার দেহে পূরণ করছি, সেটা হচ্ছে মণ্ডলী। 25 তোমাদের জন্য ঈশ্বরের যে কাজ আমাকে দেওয়া হয়েছে, সেইজন্য আমি মণ্ডলীর একজন দাস হয়েছি, ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে প্রচার করছি। 26 সেই গোপন সত্য যা পূর্বকাল হইতে ও পুরুষে পুরুষে লুকানো ছিল, কিন্তু এখন তা ঈশ্বরের পবিত্র লোকদের কাছে প্রকাশিত হল। 27 অযিহুদীদের মধ্যে সেই গোপন তত্ত্বের গৌরব-ধন কি তা পবিত্র লোকদের জানাতে ঈশ্বরের ইচ্ছা হল, যা তোমাদের মধ্যে খ্রীষ্ট, গৌরবের আশা। 28 তাঁকেই আমরা প্রচার করছি, প্রত্যেক মানুষকে সতর্ক করছি এবং প্রত্যেক মানুষকে শিক্ষা দিচ্ছি, যেন প্রত্যেক মানুষকে খ্রীষ্টের সব জ্ঞানে জ্ঞানবান করতে পারি। 29 যে কাজের ক্ষমতা দিয়ে ঈশ্বর আমাকে উজ্জীবিত করেছেন, সেই ভূমিকা পালন করার জন্য আমি পরিশ্রম ও সংগ্রাম করছি।