অধ্যায় ১২

1 পরে যীশু নীতি গল্প দিয়ে তাদের কাছে কথা বলতে লাগলেন। তিনি বললেন, “একজন লোক আঙুর ক্ষেত করে তার চারদিকে বেড়া দিলেন, আঙুর রস বের করার জন্য গর্ত খুঁড়লেন এবং দেখাশোনা করার জন্য একটি উঁচু ঘর তৈরী করলেন; পরে কৃষকদের হাতে তা জমা দিয়ে অন্য দেশে চলে গেলেন। 2 পরে চাষীদের কাছে আঙুর ক্ষেতের ফলের ভাগ নেবার জন্য, ফল পাকার সঠিক সময়ে এক দাসকে তাদের কাছে পাঠিয়ে দিলেন। 3 চাষীরা সেই দাসকে মারধর করে খালি হাতে পাঠিয়ে দিল। 4 আবার মালিক তাদের কাছে আর এক দাসকে পাঠালেন; তারা তার মাথা ফাটিয়ে দিল ও অপমান করলো। 5 পরে তিনি তৃতীয় জনকে পাঠালেন; তারা সেই ব্যক্তিকে ও মেরে ফেলল; এইভাবে মালিক অনেককে পাঠালেন, চাষীরা কাউকে মারধর করল, কাউকে বা মেরে ফেলল। 6 মালিকের কাছে তাঁর একমাত্র প্রিয় ছেলে ছাড়া এরপর পাঠানোর মতো আর কেউ ছিল না, শেষে তিনি তাঁর আদরের ছেলেকে চাষীদের কাছে পাঠালেন, আর মালিক ভাবলেন হয়তো তারা আমার ছেলেকে অন্তত সম্মান করবে। 7 কিন্তু চাষীরা নিজেদের ভেতরে আলোচনা করে বলল, “বাবার পরে এই ব্যক্তিই উত্তরাধিকারী, এস আমরা একে মেরে ফেলি, যেন উত্তরাধিকার আমাদেরই হয়।” 8 পরে তারা ছেলেটিকে ধরে মেরে ফেলল এবং আঙ্গুর ক্ষেতের বাইরে ফেলে দিলো। 9 এরপর সেই আঙ্গুর ক্ষেতের মালিক কি করবেন? তিনি এসে সেই চাষীদের মেরে ফেলবেন এবং আঙ্গুর ক্ষেত অন্য চাষীদের কাছে দেবেন। 10 তোমরা কি পবিত্র শাস্ত্রে এই কথাও পড়নি? “যে পাথরটাকে মিস্ত্রীরা অগ্রাহ্য করেছিল, সেই পাথরটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল; 11 প্রভু ঈশ্বরই এই কাজ করেছেন, আর এটা আমাদের চোখে সত্যিই খুব আশ্চর্য্য কাজ।” 12 এই উপমাটি বলার জন্য যিহুদী নেতারা যীশুকে ধরতে চেয়েছিল, কিন্তু তারা জনগণকে ভয় পেয়েছিল, কারণ তারা বুঝেছিল যে, যীশু তাদেরই বিষয়ে এই নীতি গল্পটা বলেছেন; পরে তারা তাঁকে ছেড়ে চলে গেলো। 13 তারপর তারা কয়েক জন ফরীশী ও হেরোদীয়কে যীশুর কাছে পাঠিয়ে দিল, যেন তারা যীশুকে কথার ফাঁদে ফেলে তাঁকে ধরতে পারে। 14 তারা এসে তাঁকে বলল, “গুরু, আমরা জানি, আপনি সত্যবাদী এবং সঠিক ভাবে ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দিয়ে থাকেন এবং আপনি কাউকে ভয় পাননা, কারণ আপনি লোকেরা কে কি বলল সে কথায় বিচার করেন না। কিন্তু লোকদের আপনি ঈশ্বরের সত্য পথের বিষয় শিক্ষা দেন; আচ্ছা বলুন তো, “কৈসরকে কর দেওয়া উচিত কি না? আমরা কর দেবো কি না?” 15 কিন্তু যীশু তাদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, “আমার পরীক্ষা করছ কেন? আমাকে একটা টাকা এনে দাও আমি টাকাটা দেখি।” 16 তারা টাকাটা আনল; যীশু তাদেরকে বললেন, “এই মূর্ত্তি ও এই নাম কার?" তারা বলল, " কৈসরের।" 17 তখন যীশু তাদের বললেন, "তবে কৈসরের যা কিছু, তা কৈসরকে দাও, আর ঈশ্বরের যা কিছু, তা ঈশ্বরকে দাও।" তখন এই কথা শুনে তারা আশ্চর্য্য হল। 18 তারপর সদ্দূকীরা, যারা বলত মানুষ কখনো মৃত্যু থেকে জীবিত হয় না, তারা যীশুর কাছে আসলেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন, 19 "গুরু, মোশি আমাদের জন্য লিখেছেন, কারো ভাই যদি স্ত্রীকে রেখে মারা যায়, আর তার যদি সন্তান না থাকে, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করবে।" 20 ভাল, কোনো একটি পরিবারে সাতটি ভাই ছিল; প্রথম জন বিয়ে করে, ছেলেমেয়ে না রেখে মারা গেল। 21 পরে দ্বিতীয় ভাই সেই স্ত্রীটিকে বিয়ে করল, কিন্তু সেও ছেলেমেয়ে না রেখে মারা গেল; তৃতীয় ভাইও সেই রকম অবস্থায় রেখে মারা গেলো। 22 এইভাবে সাত ভাই বিয়ে করে কোন ছেলেমেয়ে না রেখে মারা যায়; সবার শেষে সেই স্ত্রীও মরে গেলো। 23 শেষ দিনে মৃত্যু থেকে জীবিত হওয়ার সময় ঐ সাত জনের মধ্যে সে কার স্ত্রী হবে? তারা সাতজনই তো তাকে বিয়ে করেছিল।” 24 যীশু এর উত্তরে তাদের বললেন, “তোমরা কি ভুল বুঝছ না, কারণ তোমরা না জান শাস্ত্র, না জান ঈশ্বরের ক্ষমতা? 25 যখন সেই মৃতদেহগুলি জীবিত হয়ে উঠবে, না তারা বিয়ে করবে, না তাদের বিয়ে দেওয়া হবে, তারা স্বর্গের দূতদের মতো থাকবে। 26 মৃত্যু থেকে জীবিত হবার বিষয়ে বলব, এই বিষয়ে মোশির বইয়ে সেই ঝোপের বিষয়ে পড়নি, ঈশ্বর তাঁকে কিভাবে বলেছিলেন, “আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর? 27 যীশু মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদের। তোমরা ভীষণ ভুল করছ।” 28 আর তাদের একজন ব্যবস্থা শিক্ষক কাছে এসে তাদের তর্ক বিতর্ক করতে শুনলেন এবং যীশু তাদের ঠিকঠিক উত্তর দিচ্ছেন শুনে তাকে জিজ্ঞাসা করলেন, “সব আদেশের ভেতরে কোনটী প্রথম?” 29 যীশু উত্তর করলেন, “প্রথমটি এই, “হে ইস্রায়েল, শোন; আমাদের ঈশ্বর প্রভু একমাত্র প্রভু; 30 আর তুমি সেই ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালবাসবে।” 31 দ্বিতীয়টি এই, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে” এই দুইটি আদেশের থেকে বড় আর কোন আদেশ নেই।” 32 ব্যবস্থার শিক্ষক তাঁকে বললেন, “ভালো গুরু, আপনি সত্যি বলছেন যে, ঈশ্বর এক এবং তিনি ছাড়া অন্য আর কেউ নেই। 33 আর তোমার সমস্ত হৃদয়, সমস্ত বুদ্ধি, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালবাসা এবং প্রতিবেশীকে নিজের মত ভালবাসা সব হোম ও বলিদান থেকেও ভালো।” 34 তখন সে বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছে শুনে যীশু তাকে বললেন, “তুমি ঈশ্বরের রাজ্যের খুব কাছাকাছি আছ।” এর পরে তাঁকে কোন কথা জিজ্ঞাসা করতে আর কারোর কোনো সাহস হলো না। 35 আর মন্দির প্রাঙ্গনে শিক্ষা দেবার সময়ে যীশু বললেন, “ব্যবস্থার শিক্ষকরা কিভাবে বলে যে, খ্রীষ্ট দায়ূদের সন্তান? 36 কারণ দায়ূদ নিজে পবিত্র আত্মার পরিচালনায় এই কথা বলেছেন, “প্রভু আমার প্রভুকে বলেছিলেন, যতক্ষণ না তোমার শত্রুদেরকে তোমার পায়ের নীচে নিয়ে আসি, ততক্ষণ তুমি আমার ডান পাশে বসে থাকবে।” 37 যখন দায়ূদ নিজেই তাঁকে প্রভু বলেন, তবে তিনি কিভাবে তাঁর ছেলে হলেন?” আর সাধারণ লোকেরা আনন্দের সাথে তাঁর কথা শুনত। 38 আর যীশু নিজের শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে বললেন, “ব্যবস্থা শিক্ষকদের থেকে সাবধানে থেকো, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায়, 39 এবং হাটে বাজারে লোকদের শুভেচ্ছা জানায়, সমাজঘরে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালবাসে । 40 এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে।” 41 আর তিনি মন্দিরের দান বাক্সের সামনে বসলেন, লোকেরা দান বাক্সের ভেতরে কিভাবে টাকা রাখছে তা দেখছিলেন। তখন অনেক ধনী লোক এতে অনেক টাকা রাখলো। 42 এর পরে একজন গরিব বিধবা এসে মাত্র দুইটি পয়সা তাতে রাখলো, যার মূল্য সিকি পয়সা। 43 তখন তিনি নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন, “আমি তোমাদের সত্যি বলছি দানের বাক্সে যারা পয়সা রাখছে, তাদের সবার থেকে এই গরিব বিধবা বেশি রাখল; 44 কারণ অন্য সবাই নিজের নিজের বাড়তি টাকা পয়সা থেকে কিছু কিছু রেখেছে, কিন্তু এই বিধবা গরিব মহিলা বেঁচে থাকার জন্য যা ছিল সব কিছু দিয়ে দিলো।”