অধ্যায় ১

1 যীশু খ্রীষ্টের সুসমাচারের শুরু; তিনি ঈশ্বরের পুত্র। 2 যিশাইয় ভাববাদীর বইয়ে যেমন লেখা আছে, “দেখ, আমি আমার দূতকে তোমার আগে পাঠাচ্ছি; যে তোমার পথ তৈরী করবে। 3 মরুভূমিতে একজনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর,” 4 সেইভাবে যোহন মরুপ্রান্তরে এসে বাপ্তিষ্ম দিতে লাগলেন এবং পাপের ক্ষমা, মন পরিবর্তন ও বাপ্তিষ্মের বিষয় প্রচার করতে লাগলেন। 5 তাতে সব যিহূদিয়া দেশ ও যিরূশালেমের সবাই বের হয়ে তাঁর কাছে যেতে লাগল; আর নিজ নিজ পাপ স্বীকার করে যর্দন নদীতে তাঁর মাধ্যমে বাপ্তিষ্ম নিতে লাগলো। 6 যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার কোমরবাঁধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। 7 তিনি প্রচার করে বলতেন, যিনি আমার পরে আসছেন, তিনি আমার ছেয়েও শক্তিশালী; আমি নিচু হয়ে তাঁর জুতোর বাঁধন খোলার যোগ্যও নই। 8 আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিষ্ম দেবেন। 9 সেই সময়ে এই বিষয় ঘটেছিলো যীশু গালীলের নাসরত শহর থেকে এসে যোহনের কাছে যর্দন নদীতে বাপ্তিষ্ম নিলেন। 10 আর যীশু জলের মধ্য থেকে উঠে আসছিলেন, এমন সময়ে তিনি দেখলেন, আকাশ খুলে গেল এবং পবিত্র আত্মা কবুতরের মত করে তাঁর উপরে নেমে আসছেন। 11 আর স্বর্গ থেকে এই বাণী হল, “তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতে আমি খুবই সন্তুষ্ট”। 12 এরপরে আত্মা তাঁকে মরুপ্রান্তরে চলে যাওয়ার জন্য বাধ্য করলেন। 13 তিনি প্রান্তরে চল্লিশ দিন থেকে শয়তানের দ্বারা পরীক্ষিত হলেন। আর তিনি বন্য পশুদের সঙ্গে থাকলেন এবং স্বর্গীয় দূতগণ তাঁর সেবাযত্ন করতেন। 14 আর যোহনকে বন্ধী করার পর, যীশু গালীলে এসে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে লাগলেন। 15 তিনি বললেন, "সময় সম্পূর্ণ হয়েছে, এবং ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে; তোমরা পাপ থেকে মন ফেরাও ও সুসমাচারে বিশ্বাস কর।" 16 পরে যীশু গালীল সমুদ্রের পার দিয়ে হেটে যাওয়ার সময় দেখলেন, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন, কারণ তাঁরা পেশায় জেলে ছিলেন। 17 যীশু তাঁদেরকে বললেন, "আস, আমাকে অনুসরণ কর, আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। 18 আর সঙ্গে সঙ্গেই তাঁরা জাল ফেলে দিয়ে তাঁর সঙ্গে গেলেন। 19 পরে তিনি কিছু দুর এগিয়েগিয়ে সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন; তাঁরাও নৌকাতে ছিলেন, জাল মেরামত করছিলেন। 20 তিনি তাঁদেরকে ডাকলেন, তাতে তাঁরা তখনই তাদের বাবা সিবদিয়কে বেতনজীবি কর্মচারীদের সঙ্গে নৌকায় ছেড়ে যীশুর সঙ্গে চলে গেলেন। 21 পরে তাঁরা কফরনাহূমে গেলেন, আর তিনি বিশ্রামবারে সমাজঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। 22 লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য্য হল; কারণ তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতেন, ধর্মশিক্ষকদের মতো নয়। 23 তখন তাদের সমাজঘরে একজন লোক ছিল, তাকে মন্দ আত্মায় পেয়েছিল; সে চেঁচিয়ে বলল, 24 "হে নাসরতীয় যীশু, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে ধ্বংস করতে আসলেন? আমি জানি আপনি কে; আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যাক্তি!" 25 তখন যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে বললেন, "চুপ কর, ওর মধ্য থেকে বের হও।" 26 তাতে সেই মন্দ আত্মা তাকে আছাড় দিয়ে মাটিতে ফেল্ল এবং খুব জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল। 27 এতে সবাই আশ্চর্য্য হলো, এমনকি, তারা একে অপরকে বলতে লাগলো, "এটা কি? এ কেমন নতুন উপদেশ! উনি ক্ষমতার সঙ্গে মন্দ আত্মাদেরকেও আদেশ দেন, আর তারা তাঁর আদেশ মানে।" 28 তাঁর কথা খুব তাড়াতাড়ি গালীল প্রদেশের সবদিকে ছড়িয়ে পড়ল। 29 পরে সমাজঘর থেকে বের হয়ে তাঁরা যাকোব ও যোহনের সঙ্গে শিমোন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। 30 তখন শিমোনের শ্বাশুড়ীর জ্বর হয়েছে বলে শুয়ে ছিলেন; আর তাঁরা দেরী না করে তার কথা যীশুকে বললেন; 31 তখন তিনি কাছে গিয়ে তার হাত ধরে তাকে ওঠালেন। তখন তার জ্বর ছেড়ে গেল, আর তিনি তাঁদের সেবাযত্ন করতে লাগলেন। 32 পরে সন্ধ্যা বেলা, সূর্য্য ডুবে যাওয়ার পর তারা সব অসুস্থ লোকদের এবং ভূতগ্রস্তদের তাঁর কাছে আনল। 33 আর শহরের সমস্ত লোক দরজার কাছে জড়ো হয়েছিল। 34 তাতে তিনি নানা প্রকার রোগে অসুস্থ অনেক লোকদের সুস্থ করলেন এবং অনেক ভূত ছাড়ালেন কিন্তু তিনি ভূতদের কথা বলতে দিলেন না, কারণ তারা তাঁকে চিনত যে, তিনি কে। 35 খুব সকালে যখন অন্ধকার ছিল, তিনি উঠে বাইরে গেলেন এবং নির্জন জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা করলেন। 36 শিমোন ও তাঁর সঙ্গীরা যারা যীশুর সঙ্গে ছিল, তারা তাঁকে খুঁজতে গেলেন। 37 তাঁকে পেয়ে তারা বললেন, "সবাই আপনার খোঁজ করছে।" 38 তিনি তাঁদেরকে বললেন, "চল, আমরা অন্য জায়গায় যাই, কাছাকাছি কোনো গ্রামে যাই, যেন আমি সেই সব জায়গায়ও প্রচার করি, কারণ সেইজন্যই আমি এসেছি।" 39 পরে তিনি গালীল দেশের সব জায়গায়, লোকদের সমাজঘরে গিয়ে প্রচার করলেন ও ভূত ছাড়াতে লাগলেন। 40 একজন কুষ্ঠ রোগী এসে তাঁর কাছে অনুরোধ করে ও হাঁটু গেড়ে বলল, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করতে পারেন। 41 তিনি করুণার সাথে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুচি হও। 42 সেই মুহূর্তে কুষ্ঠরোগ তাকে ছেড়ে গেল, সে শুচি হল। 43 যীশু তাকে কঠোর আদেশ দিয়ে পাঠিয়ে দিলেন। 44 যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার শুচি হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।” 45 কিন্তু সে বাইরে গিয়ে সেই কথা এমন অধিক ভাবে প্রচার করতে ও চারদিকে বলতে লাগল যে, যীশু আর স্বাধীন ভাবে কোন শহরে ঢুকতে পারলেন না, কিন্তু তিনি বাইরে নির্জন জায়গায় থাকলেন; আর লোকেরা সব দিক থেকে তাঁর কাছে আসতে লাগল।