অধ্যায় ২

1 যখন তোমরা নিজ নিজ দোষে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদেরকেও বাঁচিয়ে তুললেন; 2 সেই সমস্ত কিছুতে তোমরা আগে চলতে এই জগতের যুগ অনুসারে, আকাশের শাসনকর্তার অনুসারে কাজ করতে, যে খারাপ আত্মা এখন অবাধ্যতার সন্তানদের মাঝে কাজ করছে সেই আত্মার কর্তৃত্বের অনুসারে চলতে। 3 সেই লোকদের মাঝে আমরাও সবাই আগে নিজের নিজের মাংসিক অভিলাষ অনুসারে ব্যবহার করতাম, মাংসের ও মনের নানা রকম ইচ্ছা পূর্ণ করতাম এবং অন্য সকলের মত স্বভাবতঃ রাগের সন্তান ছিলাম। 4 কিন্তু ঈশ্বর, দয়াধনে ধনবান বলে, নিজের যে মহাপ্রেমে আমাদেরকে ভালবাসলেন, সেইজন্য আমাদেরকে, এমনকি, 5 পাপে মৃত আমাদেরকে, খ্রীষ্টের সঙ্গে জীবিত করলেন- ভালোবাসার বল-এই তোমরা মুক্তি পেয়েছ, 6 তিনি খ্রীষ্ট যীশুতে আমাদেরকে তাঁর সঙ্গে জীবিত করলেন ও তাঁর সঙ্গে স্বর্গীয় স্থানে বসালেন; 7 উদ্দেশ্যে এই, খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি দেখানো তাঁর মধুর ভাব দিয়ে যেন তিনি যুগে যুগে নিজের অতুলনীয় ভালোবাসার-ধন প্রকাশ করেন। 8 কারণ ভালোবাসাতেই, তোমরা খ্রীষ্টের উপর বিশ্বাস করে মুক্তি পেয়েছ; এটা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান; 9 তা তোমাদের কাজের ফল নয়, যেন কেউ অহঙ্কার না করে। 10 কারণ আমরা তারই সৃষ্ট, খ্রীষ্ট যীশুতে নানা রকম ভালো কাজের জন্য সৃষ্ট; সেগুলি ঈশ্বর আগেই তৈরী করেছিলেন, যেন আমরা সেই পথে চলি। 11 অতএব মনে কর, আগে তোমরা জন্মগতভাবে অইহুদি লোক ছিলে, যাদের ত্বকচ্ছেদ মানুষের মাধ্যমে হয়েছিল। সেই ছিন্নত্বক লোকেরা তোমাদের অছিন্নত্বক বলে ডাকত। 12 সেই সময় তোমরা খ্রীষ্ট থেকে আলাদা ছিলে, ইস্রায়েলের প্রজাধিকারের বাইরে এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মাঝে ঈশ্বর ছাড়া ছিলে। 13 কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, আগে তোমরা অনেক দূরে ছিলে, সেই তোমরা, খ্রীষ্টের রক্তের মাধ্যমে কাছে এসেছ। 14 কারণ তিনিই আমাদের শান্তি সন্ধি; তিনি উভয়কে এক করেছেন এবং মাঝখানে বিচ্ছেদের ভিত ভেঙে ফেলেছেন, 15 শত্রুতাকে, নিয়মের আদেশ স্বরূপ ব্যবস্থাকে, নিজ দেহে লুপ্ত করেছেন; যেন উভয়কে নিজেতে একই নতুন মানুষরূপে সৃষ্টি করেন, এইভাবে শান্তি আনেন; 16 এবং ক্রুশে শত্রুতাকে মেরে ফেলে সেই ক্রুশ দিয়ে এক দেহে ঈশ্বরের সঙ্গে দুই পক্ষের মিল করে দিয়েছেন। 17 আর তিনি এসে “দূরে অবস্থিত” যে তোমরা, তোমাদের কাছে “মিলনের, ও কাছের লোকদের কাছেও শান্তির” সুসমাচার জানিয়েছেন। 18 কারণ তাঁর মাধ্যমে আমরা দুই পক্ষের লোক এক আত্মায় পিতার কাছে হাজির হবার শক্তি পেয়েছি। 19 অতএব তোমরা আর অপরিচিত ও বিদেশী নও, কিন্তু পবিত্র ব্যাক্তির নিজের লোক এবং ঈশ্বরের বাড়ির লোক। 20 তোমাদেরকে প্রেরিত ও ভাববাদীদের ভিতের ওপর গেঁথে তোলা হয়েছে; এবং তার প্রধান কোনের পাথর খ্রীষ্ট যীশু নিজে। 21 তাতেই প্রত্যেক গাঁথনি একসঙ্গে যোগ হয়ে প্রভুতে পবিত্র মন্দির হবার জন্য বেড়ে উঠছে; 22 তাতে যীশু খ্রীষ্টেতে তোমাদের মধ্যে ঈশ্বরের বাসস্থান হবার জন্য একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে।